ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ২ লাখ ৫৬ হাজার শিশু পাচ্ছে হাম-রুবেলার টিকা

  • আপডেট: Monday, April 20, 2026 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ও সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৬০৫টি কেন্দ্রে এবার ২ লাখ ৫৬ হাজার ১২০ জন শিশুকে পর্যায়ক্রমে দেয়া হবে হাম-রুবেলার টিকা।

মঙ্গলবার সকালে রাজশাহী নগরীতে সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলার পবা উপজেলায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সকালে রাজশাহী নগরীর ১৩ নং আরবান পিএইচপি সেন্টারে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেছেন, আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত রাজশাহী নগরীর ৪৩৮টি কেন্দ্রে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এই টিকা দেওয়ার পরে অনেকে অসুস্থ হতে পারে, জ্বর হতে পারে আপনারা কোনো ভয় পাবেন না। কোনো শিশু যেন এ টিকা থেকে বাদ না পড়ে সেদিকে সবাই লক্ষ্য রাখবেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, আমরা চাই হাম-রুবেলা প্রতিরোধে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং নাগরিক সেবা সুনিশ্চিত করতে পারি। আমাদের এতগুলো প্রাণ ঝরে গেছে এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। বিগত সরকারের আমলে দুই বছর টিকা ক্যাম্পেইনের অভাবে আমাদের দেশে অনেক শিশুর তাজা প্রাণ ঝরে গেছে। আমরা চাই না আগামী দিনে কোনো শিশু হাম রোগে মৃত্যু বরণ করুক।

তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে হামের প্রকোপ যখন বেড়ে গিয়েছিল তখন আমরা সচেতনতামূলক একটি লিফলেট তৈরি করি। এই লিফলেট প্রায় ৭০ হাজার পরিবারের নিকট এবং বিভিন্ন দপ্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তিনি মহানগরীর সকল অভিভাবকদের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নিতে আহ্বান জানান এবং শিশুদের মধ্যে কোনো হাম-রুবেলা রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থকেন্দ্রে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম, আরএমপি‘র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক ড. কুস্তরী আমিনা কুইন এবং রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুসহ সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ০৬ মাস থেকে ০৫ বছরের কম বয়সি সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হচ্ছে।

নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৮০টি কেন্দ্র, ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রসহ সর্বমোট ৪৩৮টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২জন টিকাদানকারী ও ৩জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে ১জন টিকাদানকারী ও ১জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে।

এদিকে জেলা পর্যায়ে নওহাটা উপস্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। রাজশাহী জেলায় এবার মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৯৭৬ জন শিশু। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন এবং স্কুল পর্যায়ে ১৩ হাজার ৫৯৭ জন শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জেলায় মোট ২ হাজার ১৬৭টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫৭৩টি স্কুলভিত্তিক কেন্দ্র, ১ হাজার ৫৮৪টি আউটরিচ কেন্দ্র এবং ১০টি স্থায়ী কেন্দ্র রয়েছে।