রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
স্টাফ রিপোর্টার: রাজশাহী নার্সিং কলেজে প্রায় তিন মাস ধরে অধ্যক্ষ না থাকায় সৃষ্টি হয়েছে প্রশাসনিক অচলাবস্থা। এতে শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার সকালে ক্যাম্পাসে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। এ সময় কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবি জানান। কর্মসূচিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে তিনদিনের আল্টিমেটাম ঘোষণা করা হয়।
সংগঠনটির সভাপতি রাশিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ না থাকায় কলেজে নানামুখী সমস্যার সৃষ্টি হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছেন না, শিক্ষার্থীরাও হয়রানি হচ্ছেন। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা দেখা দিয়েছে। এ অবস্থায় ৭২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ নিয়োগ না দেয়া হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শিক্ষার্থীদের এ দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমান বলেন, শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক। দ্রুত অধ্যক্ষ নিয়োগ দিয়ে কলেজের স্বাভাবিক কার্যক্রম চালু করা জরুরি। অন্যথায় এ কারণে শিক্ষার্থীদের যে কোনো ক্ষতির দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।











