ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৫ জন আহত, আতঙ্কে এলাকাবাসী

  • আপডেট: Saturday, April 18, 2026 - 10:22 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। শ্রীমন্তপুর, বুজরুকপাড়া, হাটপাড়া ও সারাংপুরসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে পাগলা কুকুরের আক্রমণে শিশু ও বৃদ্ধসহ অন্তত ৫ জন আহতের খবর পাওয়া গেছে । এতে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শ্রীমন্তপুর গ্রামে হৃদয়বিদারক এক ঘটনায় ৩ বছরের শিশু আব্দুল্লাহ গুরুতর আহত হয়। বাড়ির পাশে খেলাধুলার সময় একটি পাগলা কুকুর তার ওপর ঝাঁপিয়ে পড়ে নাকের একাংশের মাংস কামড়ে ছিঁড়ে নেয়।

গুরুতর অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। একই দিনে মোমিমুল (৫৮) নামের এক বৃদ্ধও কুকুরের আক্রমণের শিকার হন। তার কপালে গভীর ক্ষত তৈরি হয় এবং বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।

এছাড়া বুজরুকপাড়ার তাজকেরা বেগম বেবি (৩৫)সহ আরও কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কেউ কেউ বাড়িতে থেকেই জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই লাঠিসোটা ছাড়া ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ চরমে পৌঁছেছে।

পৌর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস বলেন, একটির পর একটি মানুষ কুকুরের আক্রমণের শিকার হচ্ছে, অথচ কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। দ্রুত ব্যবস্থা নিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে গোদাগাড়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। আক্রান্তদের চিকিৎসার খোঁজখবর নেয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারিভাবে কুকুর নিধন নিষিদ্ধ থাকায় আমরা বন্ধ্যত্বকরণ ও ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করার পরিকল্পনা করছি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে, যাতে জননিরাপত্তা নিশ্চিত করা যায়।