ঢাকা | অক্টোবর ১৬, ২০২৬ - ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম

খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

  • আপডেট: Friday, October 16, 2026 - 9:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কলিমনগর সেন্ট লুইসপাড়া ও কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক এবং প্রধান ফটক থেকে পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার সীমানাপ্রাচীর পর্যন্ত নবনির্মিত ইউনিব্লক রাস্তার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ফলক উন্মোচন ও ফিতা কেটে এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রধান ফটকের পাশে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার বাসিন্দারা আমার কাছে প্রায় ১৬টি দাবি পেশ করেছিলেন। এর মধ্যে প্রধান ফটক ও সড়ক নির্মাণ এবং আলোকায়নসহ প্রায় ১৪টি দাবি আমরা বাস্তবায়ন করেছি। বাকি দাবিগুলোও পর্যায়ক্রমে পূরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন ও নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, উপসহকারী প্রকৌশলী সানোয়ার ইসলাম ছবি, পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার পালপুরোহিত ফাদার লিটন কস্তা, গ্রামপ্রধান রাফায়েল মুর্মু, মাইকেল মারান্ডি, মঞ্জু বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এলাকাবাসী এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করায় রাসিক প্রশাসকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।