ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

এতিম শিশু ফারদিনের চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন ভূমিমন্ত্রী

  • আপডেট: Saturday, October 3, 2026 - 10:43 pm

স্টাফ রিপোর্টার: জন্মগতভাবে হার্টে ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আট বছরের এতিম শিশু ফারদিন রায়হান। অর্থের অভাবে বন্ধ হতে বসা সেই অসহায় শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

একই সঙ্গে শিশুটিকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিকশাচালক বাবা ও মায়ের সংসারে জন্ম নেয়া ফারদিনের জন্ম থেকেই হৃদরোগের সমস্যা। সাধ্যমতো চিকিৎসার চেষ্টা করলেও গত বছর শিশুটির মা মারা যান।

মায়ের মৃত্যুর পর অবুঝ শিশুটির দেখাশোনার সমস্ত ভার পড়ে বৃদ্ধা নানি হালিমা বেগমের ওপর। নানা রিকশা চালান এবং নানি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার) হিসেবে কাজ করেন।

নানি হালিমা বেগম স্থানীয়দের সহায়তায় এতদিন রাজশাহী হার্ট ফাউন্ডেশনে নাতির চিকিৎসা করাচ্ছিলেন। তবে সম্প্রতি প্রয়োজনীয় পরীক্ষার পর সেখানকার চিকিৎসকেরা ফারদিনকে জরুরি ভিত্তিতে ঢাকা হার্ট ফাউন্ডেশনে নিয়ে দ্রুত অস্ত্রোপচার (অপারেশন) করার পরামর্শ দেন।

কিন্তু এই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা, যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে যোগাড় করা একেবারেই অসম্ভব ছিল।

এমন পরিস্থিতিতে স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে নানি হালিমা বেগম ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর রাজশাহী শহরের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন।

অবুঝ শিশুটির করুণ শারীরিক অবস্থা ও পরিবারের চরম অসহায়ত্বের কথা শুনে তৎক্ষণাৎ আবেগপ্লুত হয়ে পড়েন মন্ত্রী।

তিনি কালবিলম্ব না করে শিশুটির চিকিৎসার সব খরচ বহনের ঘোষণা দেন। একই সঙ্গে ভূমিমন্ত্রী নির্দেশ দেন, শিশু ফারদিন ও তার নানিকে ঢাকায় নিয়ে গিয়ে তাঁর সরকারি বাসভবনে রাখার এবং দ্রুত ঢাকা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করে অস্ত্রোপচারের ব্যবস্থা করার।

এমনকি তাদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থেও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করেন তিনি।

ভূমিমন্ত্রীর এই মানবিক উদ্যোগে যেন নতুন জীবনের আলো দেখতে পাচ্ছে এতিম শিশুটি ও তার পরিবার। অসহায় ফারদিন যেন দ্রুত সুস্থ হয়ে স্বজনদের মাঝে ফিরে আসতে পারে, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী মিজানুর রহমান মিনু।

সোনালী/জগদীশ রবিদাস