ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

মুসলমানদের ‘বিভক্ত’ করতেই মওদুদীর সৃষ্টি, বললেন ভূমিমন্ত্রী

  • আপডেট: Saturday, October 3, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: মুসলমানদের বিভক্ত করার জন্যই মওদুদীকে তৈরি করা হয়েছিল এবং বাংলার মাটিতে তার কোনো স্থান হবে না বলে কড়া মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

মওদুদীকে ব্রিটিশদের তৈরি এবং ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর। যাদের হেডকোয়ার্টার দিল্লি, তাদের দিল্লিতেই চলে যাওয়া উচিত।

শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ নেই মন্তব্য করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরও বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের স্থান হবে না।

এ সময় বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকে ক্ষতি করেছে। ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো তারা আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশ মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যারা ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে, তাদের সরিয়ে আগামীতে ঈদগাহ, বড় মসজিদ এবং ধর্মীয় অনুদানের দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেয়া হবে। জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং মন্ত্রী-এমপিরা চরম বিপদে সর্বদা জনগণের পাশে থাকবেন বলে তিনি আশ্বাস দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ, স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, গত দীর্ঘ ১৭ বছর ধরে যারা নির্যাতন চালিয়েছে এবং দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে, তাদের অপকর্মের কথা ভুলে গেলে চলবে না। দলের ভেতরে কোনো ধরনের কাদা ছোঁড়াছুঁড়ি বা বিতর্কিত কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার সতর্কবার্তা দেন তিনি।

জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।

ওলামা দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ওলামা দল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আবেদ হাসান মুন্না, সদস্য সচিব হাফেজ ফরহাদুল ইসলাম পরাগসহ অন্যান্য নেতাকর্মী।

সোনালী/জগদীশ রবিদাস