ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১৬৪

  • আপডেট: Tuesday, September 29, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মিয়ানমারে তৈরি একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়।
মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ আওতাধীন জেলাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে পরোয়ানাভুক্ত ৮৮ জন, সাজাপ্রাপ্ত ২১ জন, তদন্তাধীন মামলায় ৮৮ জন, অন্যান্য প্রতিরোধমূলক কার্যধারায় ১১ জন এবং মাদক সংশ্লিষ্টতায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১টি বার্মিজ বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩৩৯ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ২৫ বোতল বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৪ বোতল কাফ সিরাপ ও ৬ পিস অ্যাম্পুল। রেঞ্জ কার্যালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকার বিভিন্ন থানায় ১টি খুন, ১টি চুরি এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ৪টিসহ মোট ৪২টি মামলা রুজু হয়েছে।

এছাড়া একটি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে এ সময়ে ডাকাতি, দস্যুতা কিংবা সাইবার অপরাধ সংক্রান্ত কোনো মামলা দায়ের হয়নি। এদিকে প্রশাসনিক সেবা প্রাপ্তিতে গতিশীলতা এসেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন ইউনিটে মোট ১ হাজার ৮১ জন সাধারণ মানুষ পুলিশি সেবা গ্রহণ করেছেন। এতে চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮৫ জনে।