ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে ব্যবসায়ী বারী হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, September 29, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর লক্ষ্মীপুরের বাকির মোড় এলাকায় ব্যবসায়ী বারিউল ইসলাম ওরফে বারী হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার ৭ নম্বর এজাহারভুক্ত আসামি ইসরাইল (৩০) এবং ১১ নম্বর এজাহারভুক্ত আসামি হানিফ (৪৫)।

এসআরবি-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর রাত ৩টা ৫ মিনিটে নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইসরাইলকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ডিঙ্গাডোবা মিশন গেট রেলক্রসিং এলাকার একটি মুদি দোকান থেকে হানিফকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে পূর্বশত্রুতার জেরে বাকির মোড় এলাকায় বারিউল ইসলামের ওপর হামলা চালানো হয়।

এতে ২০ জন নামীয় এবং ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র, চাপাতি, রামদা, লোহার রড ও পেট্রোল বোমা নিয়ে হামলা চালায়। গুরুতর আহত বারিউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় হামলাকারীরা দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

বারিউলকে রক্ষা করতে গিয়ে ইমামুল ইসলাম নামের আরও একজন আহত হন। ঘটনার পর নিহত বারিউলের স্ত্রী বাদী হয়ে রাজপাড়া থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছে। পরে তাঁদের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস