ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম

রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, চিকিৎসাধীন ১১০

  • আপডেট: Tuesday, September 29, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনা। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু শক সিন্ড্রোমে ফারজানা খাতুন (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি এলাকার বাসিন্দা ও একজন গৃহিণী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফারজানা খাতুন গত ২৭ সেপ্টেম্বর সকাল ৭টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা ২২ মিনিটে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করেছেন।

হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৩৩ জন রোগী। বর্তমানে হাসপাতালে মোট ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি ও ছাড়পত্রের সংখ্যা সমান হওয়ায় চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ১১১ জন। ওই ২৪ ঘণ্টায় ২৯ জন নতুন রোগী ভর্তি হন, ৩২ জন ছাড়পত্র পান এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়।

ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ জানান, ডেঙ্গু রোগীদের ডেডিকেটেড ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বর্তমানে ১১০ জন রোগী ভর্তি থাকলেও প্রতিদিন নতুন রোগী আসায় চিকিৎসা সেবায় সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস