ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

তেরখাদিয়া বাসার তালা ভেঙে চুরি: চোরকে হাতেনাতে ধরে দেড় বছরের কারাদণ্ড

  • আপডেট: Monday, September 28, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় বাসার তালা ভেঙে চুরি করার সময় স্থানীয় লোকজনের হাতে আটক হওয়া এক চোরকে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) দেড় বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন লালন শাহের বাসার নিচতলায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় বাসায় কেউ না থাকার সুযোগে বোয়ালিয়া থানার জিন্নাহনগর মথুর ডাঙ্গা গ্রামের মাইনুল ইসলামের ছেলে রাহিদুল ইসলাম (৩০) তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মোটরসাইকেলের ব্যাটারিসহ গৃহস্থালি মালামাল চুরি করার চেষ্টা করে।

এ সময় গৃহকর্তা লালন শাহের স্ত্রী বাসায় ফিরে তাকে হাতেনাতে দেখতে পান এবং চিৎকার শুরু করেন। চোর রাহিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একাধিক চাবি, লোহার শাবল, প্লাস, হাতুড়ি এবং চুরি করা একটি মোটরসাইকেলের ব্যাটারি উদ্ধার করা হয়।

খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক রাহিদুল ইসলাম ও উদ্ধারকৃত আলামত নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে পুলিশ আসামিকে আলামতসহ বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতা উল্লাহ’র খাস আদালতে হাজির করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া পরিচালনা করেন।

বিচার চলাকালে আসামি রাহিদুল ইসলাম চুরির কথা স্বীকার করলে আদালত তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে সরাসরি কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও দ্রুত বিচার নিশ্চিত করতে আইনগত এই তৎপরতা অব্যাহত থাকবে।