ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু, রামেক হাসপাতালে ভর্তি ২৯ জন

  • আপডেট: Monday, September 28, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাইশা নামের চার বছর বয়সী এক শিশু মারা গেছে। নিহত শিশুটি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ২টা ২২ মিনিটে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শারীরিক জটিলতা নিয়ে মাইশাকে গত ২৬ সেপ্টেম্বর সকাল ৬টায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত ডেঙ্গু শক সিন্ড্রোমে তার মৃত্যু হয়।

এদিকে হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগীর আগমন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বিপরীতে একই সময়ে সুস্থ হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৩২ জন রোগী।

হাসপাতালের গত ২৮ সেপ্টেম্বরের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে মোট ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ও ছাড়পত্রের হিসেবে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা আগের চেয়ে ৩ জন কমেছে।

সার্বিক ডেঙ্গু পরিস্থিতির তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ৩২ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে সর্বমোট ১১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।