ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

নিকাহ রেজিস্ট্রারদের ১১ দফা দাবি: প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

  • আপডেট: Monday, September 28, 2026 - 10:27 pm

স্টাফ রিপোর্টার: লাইসেন্সে উল্লেখিত কর্মএলাকা বহাল রাখা, অবসরের বয়সসীমা ৬৭ থেকে বাড়িয়ে ৭২ বছর করা, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি এবং বর-কনের বিবাহযোগ্য বয়স পুনর্র্নিধারণসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর নিকাহ রেজিস্ট্রাররা।

সোমবার সকালে রাজশাহী জেলা নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির উদ্যোগে জেলার প্রায় অর্ধশত নিকাহ রেজিস্ট্রার জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হন। পরে সংগঠনটির নেতা কাজী খাইবর হোসেন ও কাজী নাজমুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখিত অধিক্ষেত্র বহাল রাখা এবং কেবল শূন্য পদগুলোতে নতুন লাইসেন্স ইস্যু করা। পাশাপাশি ঐতিহ্যবাহী ‘কাজীর সনদ’ ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং লাইসেন্স মঞ্জুরসংক্রান্ত উপদেষ্টা কমিটিতে অন্তত একজন নিকাহ রেজিস্ট্রারের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়।

কোনো নিকাহ রেজিস্ট্রার পদত্যাগ করলে বা পদ শূন্য হলে তাঁর যোগ্য সন্তানকে অস্থায়ী লাইসেন্স প্রদান, অসদাচরণের অভিযোগে নিয়োগ বাতিলের ক্ষেত্রে আপিলের আইনি সুযোগ সৃষ্টি, অবসরের বয়সসীমা ৭২ বছর নির্ধারণ এবং বিধি মোতাবেক ছুটির বিধান চালুর দাবিও তুলে ধরেন তাঁরা।

এছাড়া বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি পুনর্নিধারণের দাবি জানানো হয়েছে। প্রতি হাজার টাকা দেনমোহরে নিবন্ধন ফি ১৪ টাকার স্থলে ২০ টাকা, সর্বনিম্ন বিবাহ নিবন্ধন ফি ২০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা এবং তালাক নিবন্ধন ফি ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার প্রস্তাব করা হয়। একই সঙ্গে কমিশন ফি, ভ্রমণ, তল্লাশি, নকল তোলা এবং নিকাহনামা ও তালাকনামা সংশোধনের ফি যুগের সঙ্গে তাল মিলিয়ে পুনর্বিন্যাসের অনুরোধ জানান কাজী নেতারা।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে একাধিক সমিতি গঠনজনিত জটিলতার স্থায়ী নিরসন, নিকাহ রেজিস্ট্রারদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রতিটি কাজী অফিসে স্থায়ী অফিস সহকারী বা দপ্তরী পদ সৃষ্টি। নিকাহ রেজিস্ট্রাররা প্রচলিত আইন ও বিধির আলোকে বর-কনের বয়সসীমা পুনর্র্নিধারণের দাবিও জানান। স্মারকলিপি প্রদানকালে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রার ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।