ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ন

রাজশাহী সীমান্তে ১৫ হাজার ইলেকট্রনিক রেজিস্টর জব্দ

  • আপডেট: Sunday, September 20, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রনিক রেজিস্টর (বৈদ্যুতিক প্রবাহরোধী ইলেকট্রনিক উপাদান, যা সার্কিটের অংশ) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গত শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চারঘাট থানার রাজশাহী ক্যাডেট কলেজের প্রাচীরসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা গেছে, ইউসুফপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, চোরাকারবারিরা ভারত থেকে আনা কিছু পণ্য অবৈধভাবে পাচারের উদ্দেশে ওই এলাকায় অবস্থান করছে। তথ্য পাওয়ার পর টহল দল দ্রুত ঘটনাস্থলের দিকে যায়।

টহল দলটি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে সেখানে থাকা চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পায়। পরে তারা সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করেন। পরে ব্যাগ খুলে বিজিবি সদস্যরা ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রনিক রেজিস্টেন্স দেখতে পান। জব্দ করা পণ্যগুলো মালিকবিহীন হিসেবে দেখানো হয়েছে।

রেজিস্টর হলো একটি প্যাসিভ দুই-টার্মিনাল বিশিষ্ট ইলেকট্রনিক উপাদান যা সার্কিটের একটি অংশ হিসেবে বৈদ্যুতিক রোধের কাজ করে। ইলেকট্রনিক সার্কিটে, অন্যান্য ব্যবহারের মধ্যে রেজিস্টর বিদ্যুৎ প্রবাহ কমাতে, সিগন্যালের মাত্রা ঠিক করতে, ভোল্টেজ ভাগ করতে, সক্রিয় উপাদানকে বায়াস করতে এবং ট্রান্সমিশন লাইন টার্মিনেট করতে ব্যবহৃত হয়। উচ্চ-ক্ষমতাসম্পন্ন রেজিস্টর, যা তাপ হিসেবে অনেক ওয়াট বৈদ্যুতিক শক্তি অপচয় করতে পারে, তা মোটর কন্ট্রোলের অংশ হিসেবে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায়, বা জেনারেটরের জন্য টেস্ট লোড হিসেবে ব্যবহৃত হতে পারে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্য শুল্ক অফিস, রাজশাহীতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পণ্যগুলো কীভাবে সীমান্ত দিয়ে আনা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।