ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১২:১১ পূর্বাহ্ন

মোহনপুরে সার ডিলার নিয়োগে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

  • আপডেট: Sunday, September 20, 2026 - 10:24 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুরে সার ডিলার নিয়োগের জন্য গোডাউন ভাড়ার চুক্তিপত্রে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার উপজেলা কৃষি অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাইফুল ইসলাম শাহ নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের কামারুজ্জামান সার ডিলার নিয়োগের জন্য ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে গোডাউন ঘর ভাড়ার একটি চুক্তিপত্র উপজেলা কৃষি অফিসে দাখিল করেছেন। ওই চুক্তিপত্রে গোডাউন মালিক হিসেবে সাইফুল ইসলাম শাহের স্বাক্ষর রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে সাইফুল ইসলাম শাহ দাবি করেছেন, তিনি ওই চুক্তিপত্র সম্পর্কে কিছুই জানেন না এবং সেখানে তিনি কোনো স্বাক্ষর করেননি। এমনকি কামারুজ্জামানের কাছে তিনি কোনো দোকান বা গোডাউন ঘর ভাড়ার চুক্তিপত্রও দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জাহানাবাদ (দর্গাপাড়া) গ্রামের সাইফুল ইসলাম শাহ উপজেলা কৃষি অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়ে কথিত চুক্তিপত্রটি বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত কামারুজ্জামান বলেন, “আমি যে চুক্তিপত্র জমা দিয়েছি, সেখানে কোনো জাল স্বাক্ষর নেই। আগামীকাল ঘরের মালিকদের নিয়ে উপজেলা কৃষি অফিসে যাব।”

এ বিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “এ বিষয়ে লিখিত একটি অভিযোগপত্র পেয়েছি। অভিযোগটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।”