নগরীতে ক্লাব থেকে জুয়া খেলার সময় পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ১২
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর উপশহরের একটি ক্লাবে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতে নগরের বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে গতকাল মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে উপশহরের উত্তরা ক্লিনিকের মোড়সংলগ্ন একটি টিনশেড ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে ‘উপশহর একতা সংঘ’ নামের একটি ক্লাবের ভেতরে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতেনাতে ১২ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ওয়াহিদ মুরাদ (৪৭) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন— আলমগীর কবির (৩৫), খাইরুল হাসান (৪৮), ফিরোজ উদ্দিন (৬৫), তোফায়েল আহমেদ, হান্নান (৬০), তানজিদ (৩৬), মনজুরুল ইসলাম (৬১), শফিকুল ইসলাম (৫০), শাহাবক্স, মাসুদ রানা ও সাইফুল ইসলাম (৩৪)। তাদের সবার বাড়ি মহানগরীর বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।











