ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম

শৃঙ্খলা ভঙের দায়ে নাচোলের দুই চেয়ারম্যান বরখাস্ত

  • আপডেট: Tuesday, September 1, 2026 - 10:38 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ইউএনও-র বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান ও শৃঙ্খলা ভঙের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া দুই চেয়ারম্যান হলেন, নাচোল ইউপির সফিকুল ইসলাম ও কসবা ইউপির জাকারিয়া আল মেহরাব।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ গতকাল মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ আগস্ট প্রজ্ঞাপনটি জারি করা হয় এবং এরইমধ্যে এটি কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১০ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। ওই ফলাফল প্রত্যাখ্যান করে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও জাকারিয়া আল মেহরাব নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে জনসম্মুখে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য প্রদান করেন। জনপ্রতিনিধি হিসেবে তাদের এমন আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।