ঢাকা | অগাস্ট ৩১, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান

  • আপডেট: Monday, August 31, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সাথে সমাজের অপরাধ প্রবণতার একটি বিপরীতমুখী সম্পর্ক রয়েছে উল্লেখ করে রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেছেন, সমাজে সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা বৃদ্ধি পেলে কিশোর অপরাধ, মাদকাসক্তি, জুয়া ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধিগুলো দূর হবে।

সোমবার সকালে রাজশাহী নগরীর বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় রাজশাহী জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহা. হারুন-অর-রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম। জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের স্বাগত বক্তব্যের পর বিভাগীয় কমিশনার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।