রাজশাহী নগরীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষ পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার এবং পরিবেশ সৌন্দর্য রক্ষায় গৃহীত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
সোমবার সকালে নগরীর পৃথক দুটি স্থানে পরিচ্ছন্নতা ও বৃক্ষ পরিচর্যা কাজ ঘুরে দেখেন তিনি। রাসিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকায় যান রাসিক প্রশাসক।
সেখানে ওয়ার্ড পর্যায়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ড্রেনের কাদামাটি অপসারণ করছিলেন পরিচ্ছন্ন কর্মীরা। হঠাৎ করেই সেখানে গিয়ে তিনি কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং পরিচ্ছন্ন কর্মীদের সার্বিক খোঁজখবর নেন। পরিচ্ছন্নতা কার্যক্রম যেন যথাযথভাবে অব্যাহত থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
একই দিন সকালে নগরীর সিপাইপাড়া ফায়ার সার্ভিস মোড় এলাকায় সড়কের আইল্যান্ডে (সড়ক বিভাজক) পরিবেশ শাখার কর্মীদের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক। এ সময় কর্মীরা আইল্যান্ডের গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার ও চারপাশ পরিচ্ছন্নতার কাজ করছিলেন।
পরিদর্শনকালে প্রশাসক নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও সার্বিক পরিবেশ সুরক্ষায় এসব কার্যক্রম সঠিকভাবে চালিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, নগরীর সড়ক বিভাজক ও আশপাশের এলাকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আইল্যান্ডের গাছপালার নিয়মিত ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।











