নিরাপত্তাকর্মীকে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি, আলোচিত দালাল আরিফ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে ডায়াগনস্টিক সেন্টারের নিরাপত্তাকর্মীকে মারধর ও ধারালো অস্ত্র ধরে হত্যার হুমকি দেয়া অভিযুক্ত দালাল আরিফুল ইসলাম আরিফকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভুক্তভোগী সাব্বির হোসেন লক্ষ্মীপুর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে নিরাপত্তাকর্মী পদে কর্মরত।
আরএমপি সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট দুপুরে নিরাপত্তাকর্মী সাব্বির প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হ্যান্ডমাইকে আসা সেবাপ্রত্যাশীদের দালাল, চোর ও প্রতারকদের সম্পর্কে সচেতন করছিলেন। এ সময় চিহ্নিত দালাল আরিফসহ কয়েকজন তাকে বাধা দেয়।
দায়িত্ব পালনের কথা জানালে সাব্বিরকে বেধড়ক মারধর করা হয় এবং একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র তার গলায় ধরে হত্যার হুমকি দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হলে তাৎক্ষণিক অভিযানে নেমে মাত্র ১ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং হুমকি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।











