রাজশাহী কলেজে স্মারক ভাস্কর্য নির্মাণের ঘোষণা ভূমিমন্ত্রীর
সোনালী ডেস্ক: ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উৎসবকে স্মরণীয় করে রাখতে একটি স্মারক ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। একই সাথে সারা দেশ ও বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীকে নিবন্ধনের মাধ্যমে এক ছাতার নিচে এনে বিশাল মহামিলন উৎসবের আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার রাজধানী ঢাকার হেয়ার রোডে আয়োজিত রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ ১৫০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে রাজশাহী কলেজ বহু প্রখ্যাত ব্যক্তিত্ব তৈরি করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে কেবল একটি কলেজ হিসেবে দেখলে চলবে না; এটি শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। প্রয়োজনে আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্ত প্রাক্তনীকে যুক্ত করতে মহাদেশভিত্তিক অ্যালামনাই কমিটি গঠনের কথাও উল্লেখ করেন তিনি।
ভূমিমন্ত্রী আরও জানান, সরকারের সার্বিক সহযোগিতায় রাজশাহী কলেজে আধুনিক বহুতল একাডেমিক ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম, ছাত্র-ছাত্রীদের নতুন আবাসন এবং ঐতিহাসিক খেলার মাঠের উন্নয়নসহ বিভিন্ন পরিকাঠামো প্রকল্প হাতে নেয়া হয়েছে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, দুদক সচিব সাইদুর রহমান খান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং সাবেক স্বরাষ্ট্র সচিব এস. এম. জহুরুল ইসলাম।











