ঢাকা | অগাস্ট ২০, ২০২৬ - ১০:০৫ অপরাহ্ন

মান্দায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬

  • আপডেট: Thursday, August 20, 2026 - 9:48 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মান্দায় যাতায়াতের রাস্তায় মাটি ভরাটকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা (মনাকষা) গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের আমিনুল ইসলাম (৩৮), জুয়েল রানা (৩২), বিলকিস বিবি (৩০), আহম্মেদ আলী (৫৫), সাইফুল ইসলাম (৪১) ও আল আমিন (২৩)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃষ্টি হলেই আমিনুল ইসলামের যাতায়াতের রাস্তায় পানি জমে ভোগান্তির সৃষ্টি হয়। সেই নিচু জায়গায় মাটি দিয়ে ভরাটের কাজ করছিলেন তারা। এতে প্রতিবেশী আহম্মেদ আলী ও তার স্বজনেরা বাধা দেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

চিকিৎসাধীন আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়। তাই সংস্কার কাজ করা হচ্ছিল। এ সময় প্রতিবেশী আহম্মেদ আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারধর করেছে।

এ বিষয়ে আহম্মেদ আলী বলেন, ‘আমার ঘরের ধারির মাটি কেটে আমিনুল ইসলাম রাস্তা নির্মাণ করছিল। বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমিসহ তিনজন আহত হয়েছি।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, এ ঘটনায় এখন পয়ন্ত কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।