পুঠিয়ায় মহিষভর্তি ট্রাক ডাকাতির ‘মূলহোতা’ গ্রেপ্তার
পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় মহিষভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় জুয়েল রানা ওরফে সানি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। সংস্থাটির দাবি, তিনি ওই ডাকাতির মূলহোতা এবং একাধিক ডাকাতি মামলার আসামি।
গত বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার একটি হোটেলের কক্ষ থেকে র্যাব-৫ রাজশাহী ও র্যাব-১০ ঢাকার যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
জানা যায়, গত ১ জুলাই রাতে সিলেটের জৈন্তাপুর থেকে ৩৮টি মহিষ নিয়ে দুটি ট্রাক রাজশাহীর সিটি হাটের দিকে যাচ্ছিল। পথে পুঠিয়ার রাজশাহী-নাটোর মহাসড়কে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ড্রাম ট্রাক দিয়ে মহিষভর্তি একটি ট্রাকের পথরোধ করে।
এ সময় অস্ত্রের মুখে ট্রাকের চালক ও সঙ্গে থাকা ব্যবসায়ীদের জিম্মি করে ১৯টি মহিষসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। পরে ভুক্তভোগীদের নাটোরের বড়াইগ্রাম এলাকায় সড়কের পাশে ফেলে রাখা হয়।
র্যাব জানায়, ডাকাতি হওয়া ১৯টি মহিষ, ট্রাক, মোবাইল ফোনসহ লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪৮ লাখ টাকা। এ ঘটনায় পুঠিয়া থানায় একটি ডাকাতি মামলা করা হয়। র্যাবের যৌথ দল গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জুয়েল রানার অবস্থান শনাক্ত করে। পরে ফরিদপুরের একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল রানা ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে ফরিদপুরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।











