রাবির নতুন ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক পদে ড. আমীরুল ইসলামের যোগদান
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক হিসেবে যোগদান করেছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আমীরুল ইসলাম।
উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম তাঁকে এ পদে নিয়োগ প্রদান করার পর বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব পালনকালে ড. আমীরুল ইসলাম সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রফেসর আমীরুল ইসলাম ২০০২ সালে রাবিতে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
তিনি রাবি থেকে পিএইচডি ও কোরিয়ার জিয়ংসান বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন। তাঁর বহু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান সাময়িকীতে প্রকাশিত হয়েছে।











