ঢাকা | অগাস্ট ১৫, ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

যমুনা নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে ২৭ গ্রামের মানুষের মানববন্ধন

  • আপডেট: Friday, August 14, 2026 - 10:07 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর ত্রাস খ্যাত ‘সালাম বাহিনী’র চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন নৌযান মালিক-কর্মচারীসহ তিন উপজেলার ২৭ গ্রামের হাজারও নারী ও পুরুষ।

শুক্রবার সকালে যমুনার দুর্গম চরাঞ্চল বেলকুচির বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রচাপিয়া এলাকায় এ মানববন্ধন হয়। বেলকুচি, টাঙ্গাইল সদর, ও চৌহালী উপজেলার চরবেল, পুংলি, কাকুয়া, জাঙ্গালিয়া, কলাবাগান ও মহেষপুরের নৌযান মালিক–কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী সালাম ও তার সহযোগী রুবেল, কাওছার আলম, মাসুদ ও হাবিব গং রাত হলেই নৌকা নিয়ে যমুনা নদীতে সশস্ত্র মহড়া দেয়। সিরাজগঞ্জ-ঢাকা নৌরুটে তারা সব ধরনের বাল্কহেড, ছোটবড় নৌকাসহ বিভিন্ন নৌযান থেকে বেপরোয়া চাঁদাবাজি করে। চাঁদা না দিলে নৌযান শ্রমিক-কর্মচারীদের মারধর করে। সালাম বাহিনী থেকে রক্ষা পেতে আজ আমরা নৌযান মালিক ও কর্মচারীরা মানববন্ধনে দাঁড়িয়েছি।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে যমুনায় নৌপথ নিরাপদ করতে বেশ কিছু দাবি উত্থাপন করেন মানববন্ধনে আবু সাইদের সভাপতিত্বে বক্তব্য দেন ইউসুফ মোল্লা, কছির উদ্দিন, সুমন ও বক্কার মোল্লাসহ অনেকে। মানববন্ধনে নৌযান মালিক-কর্মচারী ছাড়াও বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার ২৭ গ্রামের হাজারও নারী-পুরুষ অংশ নেন।