বাথরুমের এক্সজস্ট ফ্যান দিয়ে কিশোরীর ভিডিও ধারণ, যুবক আটক
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে রকি (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গত বুধবার দুপুরে নগরীর শিরোইল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আটক রকি কাশিয়াডাঙ্গা থানা এলাকার দুখু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, একটি বাসার বাথরুমের এক্সজস্ট ফ্যানের ফাঁক দিয়ে ওই ছাত্রীর গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন রকি। বিষয়টির টের পেয়ে শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে চন্দ্রিমা এলাকার একটি বাড়ি থেকে আটক করে।
জিজ্ঞাসাবাদে স্থানীয়দের কাছে রকি দাবি করেন, তার ব্যবহৃত মোবাইল ফোনে এলাকার একাধিক নারীসহ ১০ থেকে ১২ জনের গোপন ভিডিও রয়েছে, যা দিয়ে তিনি হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ব্ল্যাকমেইল করতেন।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের মামলার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।











