রাজশাহীতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র্যালি
স্টাফ রিপোর্টার: বর্ষা মৌসুমে এডিস মশার প্রকোপ ও ডেঙ্গু রোগের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।
বৃহস্পতিবার সকালে মহাস্থান রেজিমেন্টের ৩১ বিএনসিসি ব্যাটালিয়নের আয়োজনে এবং রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে বিএনসিসির ক্যাডেটদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। ক্যাডেটরা ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে কলেজ ক্যাম্পাস ও নগরীর গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালি থেকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানানো হয়। র্যালি শেষে রাজশাহী কলেজ ক্যাম্পাস ও আশপাশের সম্ভাব্য এডিস মশার প্রজননস্থলে মশক নিধনের ওষুধ ছিটানো হয় এবং জমে থাকা পানি অপসারণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী। এছাড়া মহাস্থান রেজিমেন্টের বিএনসিসিও, পিইউও, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, সামরিক প্রশিক্ষকসহ বিভিন্ন কলেজের বিএনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন।











