ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: এমপি মিলন

  • আপডেট: Sunday, August 2, 2026 - 10:05 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, জনগণের সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে সবার সহযোগিতা নিশ্চিত করা হবে। বর্তমান সরকারের কর্মসূচি এবং ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবনার আলোকেই দেশ ও নিজ নির্বাচনি এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন করা হবে।

রোববার দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ পুরাতন হলরুম চত্বরে অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জীবিকা উন্নয়নের নিমিত্তে চারটি অটো রিকশা, চারটি ট্রাই সাইকেল এবং তিনটি মিলিং মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সংসদ সদস্য।

পবা-মোহনপুরের ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার সকল ধরনের উন্নয়ন, বিশেষ করে আর্থ-সামাজিক উন্নয়নের রূপরেখা কিভাবে গড়ে উঠবে, তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের হাতে রয়েছে। আগামী দিনে এসব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জনগণের প্রতি আস্থা রেখে একটি পরিকল্পিত ও উন্নত পবা-মোহনপুর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মোহনপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, বর্তমান সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সদস্য আব্দুল কাদেরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।