নতুন কোচ আসছে বহরে: পাবনা ও খুলনা রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ পশ্চিম রেলের
স্টাফ রিপোর্টার: নতুন রেলপথ চালু হলেও ইঞ্জিন ও কোচের সংকটের কারণে এতদিন কাঙ্ক্ষিত আন্তঃনগর ট্রেন পরিচালনা করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। তবে চলতি আগস্টেই রেলের বহরে প্রায় ২০০টি নতুন কোচ যুক্ত হতে যাচ্ছে। ফলে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।
রেলওয়ে সূত্র জানায়, ২০১৮ সালে যমুনা সেতু পাবনা রুট, ২০২২ সালে ঢাকা-পদ্মা সেতু হয়ে যশোর ও ফরিদপুর রুট এবং ২০২৪ সালে খুলনা-মোংলা রুটে নতুন রেলপথ চালুর পরও পর্যাপ্ত ট্রেন দেওয়া সম্ভব হয়নি। তবে নতুন কোচ যুক্ত হওয়ায় এবার ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা করছে রেলপথ মন্ত্রণালয়। এছাড়া ঢাকা-খুলনা রুটের ট্রেনটি মোংলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
এদিকে রাজশাহী ও যশোর অঞ্চলের যাত্রীরা বন্ধ থাকা লোকাল ট্রেনগুলো অবিলম্বে চালু এবং চালু থাকা পাঁচটি ট্রেনে নতুন কোচ প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন। বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামান খান বন্ধ থাকা ট্রেন ও স্টেশনগুলো দ্রুত চালু ও সংস্কারের দাবি জানান।
নাগরিক দাবির সঙ্গে একমত পোষণ করে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, প্রাথমিকভাবে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাবনা নিয়ে কাজ চলছে। এ ছাড়া জনবল সংকটের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, নতুন নিয়োগ ও চুক্তিভিত্তিক মাস্টারদের মাধ্যমে বন্ধ থাকা স্টেশন ও ট্রেনগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।











