বিএনপি নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল: হুইপ দুলু
নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০১ থেকে ২০০৬ বাংলাদেশর নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল বিএনপি। আমরা চাই এই নকল অধ্যায় শেষ করতে। না পড়ে জিপিএ ৫, না পড়ে গোল্ডেন জিপিএ ৫, এই পড়া বাংলাদেশে হবে না। লেখাপড়া না করলে কোনো লাভ হবে না।
শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা কলেজে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হুইপ দুলু আরও বলেন, অভিভাবক, শিক্ষক ও ছাত্র সবার কাছে অনুরোধ করব ছাত্রদেরকে পড়ার টেবিলে বসাতে হবে। লেখাপড়ার বিকল্প নাই, লেখাপড়া না করলে বড় হওয়া যাবেনা, চাকরি পাওয়া যাবেনা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে, নাটোর পৌরসভার ১নং ওর্য়াডের পিলখানা মহল্লার পার্থ সরকারের বাড়ি হতে সুখদেব স্টোর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।











