ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

সাবেক মেয়র লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

  • আপডেট: Thursday, July 30, 2026 - 10:34 pm

সোনালী ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এ বিষয়ে আগামী রোববার (২ আগস্ট) শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসিকিউশন জানায়, দীর্ঘদিন ধরে এ মামলার তদন্ত করে তদন্ত সংস্থা। এরপর চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন দাখিল করেন কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে থাকা দালিলিক ও মৌখিক সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে ৩৮ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ দেওয়া হয়।

আসামিরা হলেন- রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মেট্রাপলিটন পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, আরএমপির’র বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ওসি হুমায়ুন কবির, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, যুবলীগ কর্মী জহিরুল ইসলাম রুবেল, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, রাজশাহী সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, রাজশাহী সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন ওরফে আনার, রাজশাহী সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরমান আলী, রাজশাহী সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মোমিন, রাজশাহী সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদত হোসেন শাহু, রাজশাহী সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহতাব হোসেন চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাউদ্দিন ওরফে আলাল, রাজশাহী সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, রাজশাহী মহানগর যুবলীগের সাধারন সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, রাবি ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, রাবি ছাত্রলীগের সভাপতি আসাদুল্লা-হিল-গালিব, রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান ওরফে শফিক ও মোহাইমিনুল ইসলাম মানিক।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই বিপ্লব চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি চালিয়ে হত্যা করা হয়। একই সময় শাহ মখদুম কলেজের সামনে হত্যাকাণ্ডের শিকার হন আনজুম সাকিব।

এছাড়া সালমান ওরফে শিমুলসহ আরও ৪৫ জন গুরুতর আহত হন। শেখেরচক স্বচ্ছ টাওয়ারের সামনে, শাহ মখদুম কলেজের সামনে, পদ্মা নদীর বেড়িবাঁধ, আলুপট্টি মোড় ও আশপাশের এলাকায় সংঘটিত এসব ঘটনা মানবতাবিরোধী অপরাধের শামিল, যা শাস্তিযোগ্য অপরাধ।