ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদের বিদায় সংবর্ধনা

  • আপডেট: Thursday, July 30, 2026 - 10:23 pm

স্টাফ রিপোর্টার: সরকারের সচিব পদে সদ্য পদোন্নতি লাভ করায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অত্যন্ত দক্ষ ও সফল নির্বাহী পরিচালক আবু সাঈদ কামরুজ্জামানকে (এনডিসি) এক আবেগঘন বিদায় সংবর্ধনা প্রদান করেছে বিএমডিএ পরিবার।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী শহরের বিএমডিএ প্রধান কার্যালয় ক্যাম্পাস মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম। ভার্চুয়ালি ও সরাসরি অংশ নিয়ে উপস্থিত বক্তারা বিদায়ী নির্বাহী পরিচালকের দীর্ঘ কর্মজীবনের কর্মদক্ষতা, প্রশাসনিক সততা, চমৎকার নেতৃত্বগুণ এবং বিএমডিএর সার্বিক প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত উন্নয়নে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, বিএমডিএর প্রতিটি স্তরের কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও কর্মনিষ্ঠা তাঁকে কঠিন দায়িত্বগুলো সহজে পালন করতে অনুপ্রেরণা যুগিয়েছে। বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের পাশে থেকে কাজ করার বিরল সুযোগ তাঁর পুরো কর্মজীবনের সবচেয়ে মূল্যবান একটি অভিজ্ঞতা। দেশের যে প্রান্তেই তিনি থাকুন না কেন, এই বরেন্দ্র অঞ্চলের মানুষের কল্যাণে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে। নতুন পদে পদায়িত হয়েও যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তিনি সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিএমডিএ পরিবারের সহকর্মীরা বিদায়ী নির্বাহী পরিচালকের হাতে সম্মাননা স্মারক, সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন। অনুষ্ঠানে বিএমডিএর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন প্রকৌশলী, সচিব, প্রকল্প পরিচালক, কৃষি ব্যবস্থাপক, মনিটরিং অফিসার এবং সিবিএ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে তাঁর ভবিষ্যৎ জীবনের সমৃদ্ধি কামনা করেন।