ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১০:৪৫ অপরাহ্ন

নৌকাডুবিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুবদলের খাদ্য ও সাহায্য প্রদান

  • আপডেট: Wednesday, July 29, 2026 - 10:09 pm

স্টাফ রিপোর্টার: পদ্মা নদীতে নৌকাডুবিতে স্বজনহারা জহেরা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজশাহী মহানগর যুবদল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নিহত আফসার আলীর দুই পিতৃহীন নাতনির পড়াশোনা ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারটির হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে নদীর বড়কুঠি ঘাটে দুর্ঘটনার ঝুঁকি কমাতে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।

বুধবার দুপুরে বড়কুঠি ঘাটে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রবি মাঝিদের হাতে এসব লাইফ জ্যাকেট তুলে দেন।

এর আগে মঙ্গলবার বিকেলে চর মাজারদিয়া এলাকা থেকে কাঠ কেটে ফেরার পথে নৌকা ডুবে গেলে ছয়জন উদ্ধার হলেও ভেসে যান আফসার আলী ও তাঁর ছেলে জিয়াউল। সাহায্য পেয়ে জহেরা বেগম কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মাসদুল হক মৃধা মোমিন, মজিবুল হক মিলন, রবিন হোসেন এবং মিনহাজুল ইসলাম মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।