ঢাকা | জুলাই ৭, ২০২৬ - ২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট: Monday, July 6, 2026 - 11:51 pm

স্টাফ রিপোর্টার: ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করা হয়। বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিআরডিবি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.এম বজলুর রশীদ।

এরপর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় পল্লী উন্নয়ন দিবস- ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিআডিবির বিভাগীয় ও জেলা অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এসময় বিভাগীয় কমিশনার বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য হলো ‘সবার আগে বাংলাদেশ’ এবং এই লক্ষ্য অর্জনে গ্রামের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন অপরিহার্য।

তিনি উল্লেখ করেন, সরকারের নির্বাচনী ইশতাহারের প্রায় ৯০ ভাগ প্রতিশ্রুতিই গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের সাথে সম্পৃক্ত। গ্রামেই যেন শহরের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকার ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের সূচনা করেছে। বিশেষ করে নারীদের সঞ্চয়ী মনোভাব এবং পরিবারের প্রতি তাঁদের দায়িত্বশীলতাকে সম্মান জানিয়ে এই কার্ড সরাসরি নারীর হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা প্রদানের মাধ্যমে একটি পরিবারকে স্বাবলম্বী করার এই উদ্যোগ দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনছে।

অনুষ্ঠানে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, হাবিবুর রহমান ও চিত্রলেখা নাজনীন, বিআরডিবির যুগ্মপরিচালক বকুল চন্দ্র রায়, বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, উপকারভোগী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার।