পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
পাবনা প্রতিনিধি: পাবনা শহরের গোপালপুর আইবি রোডের একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তবে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধু আজমিরা খাতুন (২২) গোপালপুর আইবি রোড মহল্লার আরিফ হোসেনের স্ত্রী এবং সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামে আক্কাস প্রামানিকের মেয়ে।
নিহত আজমিরাকে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর অপচেষ্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে গত বুধবার রাত দশটার দিকে স্বামীকে ঘরের বাইরে রেখে দরজা বন্ধ করে। পরদিন সকাল আটটার দিকে পরিবারের লোকজন দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ৯৯৯ এ ফোন দেন।
৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় আজমিরার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গৃহবধূ আজমিরার মৃত্যু নিয়ে রহস্যে আছে। মরদেহ উদ্ধারের সময় গৃহবধূর পা মাটিতে ছিল। এভাবে তো কেউ আত্মহত্যা করতে পারে না বা এভাবে কেউ ফাঁস নিলে মারা যাবার কথা নয়।
স্থানীয়রা আরো বলেন, ওই বাসার জানালায় কবজা সিস্টেম থাকায় ঘরের ভেতর থেকে বাইরে অনায়াসে মানুষ যাওয়া যাওয়া করতে পারে। আজমিরার স্বামী আরিফ একজন স্কুলশিক্ষক। তার আগের একটি স্ত্রী ছিল। আজমিরা ছিলেন দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।











