বাঘা বাজার বণিক সমিতির আহ্বায়ক কামাল, সদস্য সচিব শফি
বাঘা প্রতিনিধি: রাজশাহীর ঐতিহ্যবাহী বাঘা বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পূর্ববর্তী কমিটির সাধারণ সম্পাদক, বাঘা পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন। এছাড়া সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জেলা যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শফি।
বাঘা বাজারের ব্যবসায়ীরা জানান, নতুন কমিটি গঠনের খবরে বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে কার্যকর ভূমিকা পালন করবে।
স্থানীয় সূত্র জানায়, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই বাঘার হাট ইতোমধ্যে সবজি ও বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন এবং বিপণনে বিশেষ সুনাম অর্জন করেছে। বিশেষ করে পদ্মার চরাঞ্চলে উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি এসব কৃষিপণ্যের একটি অংশ বিদেশেও রপ্তানি হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ব্যবসায়ীদের মতে, বাঘা বাজারের এই সম্ভাবনাকে আরও কাজে লাগাতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তাঁরা মনে করেন, নতুন কমিটি বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য, এই বাজারে বাঘা পৌরসভা কর্তৃক নির্মিত একটি মার্কেট রয়েছে। এছাড়া মাছ ও মাংস বিক্রির জন্য রয়েছে পৃথক পৃথক টিনের ছাউনিযুক্ত ঘর এবং উন্নত ড্রেনেজ ও স্যানিটেশন (সেলিব্রেশন) ব্যবস্থা।
এদিকে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বাজার-সংশ্লিষ্টরা বলেন, ঐতিহ্যবাহী বাঘা বাজারের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে আরও এগিয়ে নিতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই তাঁদের প্রত্যাশা।
বাঘা বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন বলেন, বিগত সরকারের আমলে বাজারের বিশেষ কোনো উন্নয়ন করা হয়নি। অথচ এই হাট থেকে বছরে প্রায় অর্ধকোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়ে থাকে। আমরা নতুন কমিটি আশা করছি, আগামীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ এই বাজারটিকে নানামুখী পরিকল্পনার মাধ্যমে সুসজ্জিত করব। একই সাথে বাজারের উন্নয়নে যা কিছু করণীয়, তার সবই করা হবে।











