ঢাকা | জুন ১৭, ২০২৬ - ১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে: চাঁপাইনবাবগঞ্জের ডিসি

  • আপডেট: Tuesday, June 16, 2026 - 10:55 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমিসেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি জায়গায় লীজ ছাড়া কারো থাকার কোন সুযোগ নেই। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী দেন তিনি। এ সময় তিনি গণশুনানীতে উপস্থিত জনগণের বিভিন্ন অভিযোগ, মতামত ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান সংশোধন, জমির রেকর্ড সংক্রান্ত জটিলতা এবং অন্যান্য ভূমিসেবা বিষয়ে তাদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন।

তিনি আরো বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এ ধরনের গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরে জেলা প্রশাসক ছত্রাজিতপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে একটি লিচুর গাছের চারা রোপণ করেন।

শেষে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার ও হেয়ার এইডসহ সহায়ক ডিভাইস বিতরণ করা হয়।