পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার
পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলয়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় যুবদল নেতা কাশেম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে যুবদলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত আবুল কাশেম পাবনার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাঙ্গী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে এবং আর-আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানায় আনা হয়। গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে হাত ধরে টানাটানি করে কাশেম শেখ।
এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযুক্তের শাস্তির দাবিতে
এবং শিক্ষার্থীকে শ্লীলতাহানি ঘটনার প্রতিবাদে গত রোববার আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা। এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদলের সকল পদ পদবী থেকে কাশেম শেখকে বহিষ্কার করা হয়েছে।
রোববার রাতে আর-আতাইকুলা ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়।











