ঢাকা | জুন ১৫, ২০২৬ - ২:২৬ পূর্বাহ্ন

দুর্গম চরাঞ্চলে বিজিবি’র ফ্রি চিকিৎসাসেবা

  • আপডেট: Sunday, June 14, 2026 - 11:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ দুর্গম চরগুলোর মধ্যে অন্যতম। প্রায় ৪০ হাজার জনবসতির এই চরে রয়েছে মাত্র একটি ‘পরিবার ও স্বাস্থ্যকল্যাণ কেন্দ্র’। তবে এই স্বাস্থ্য কেন্দ্রের সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসারসহ গুরুত্বপূর্ণ পদগুলোই শূন্য। এমন অবস্থায় কাঙ্খিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে ১নং বিজিবি ব্যাটেলিয়ান।

রোববার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ প্রয়োজনীয় ওষুুধ বিতরণ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর কল্যাণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় মানবিক দায়িত্ব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৭শ’ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ প্রয়োজনীয় ওষধু বিতরণ করা হয়েছে।

১নং বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এর সার্বিক তত্তাবধানে জনদুর্ভোগ লাঘবে আয়োজিত মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৭জন অভিজ্ঞ চিকিৎসক এবং বিজিবির একজন চিকিৎসকসহ মোট ৮জন বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসক দলের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী চিকিৎসক ছিলেন।

কাঙ্খিত চিকিৎসা সেবা পেয়ে খুশি চরবাসী। তারা বলেন, বিচ্ছিন্ন এলাকায় বিজিবি’র সহায়তায় বিনামূল্যে চলা মেডিকেল ক্যাম্পে সুফল পাচ্ছেন এখানকার বাসিন্দারা। আমরা চাই, প্রতি ছয় মাস অন্তর অন্তর যেন বিজিবি এ ধরনের মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে। কেন না ছোটখাটো শারীরিক সমস্যার জন্যও আমাদের ছুটতে হয় নদী পার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বিজিবির এই চিকিৎসা ক্যাম্পে শুধু পুরুষ নয়, নারী ও শিশুদের চিকিৎসা দেয়া হয়েছে। সুবিধাভোগি আসমা বেগম বলেন, আমাদের নানা সমস্যা আজ তুলে ধরতে পেরেছি। চিকিৎসকরা তা শুনে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। আর যেসব ওষুধ নেই, তা বাইরে থেকে নেয়ার পরামর্শ দিয়েছেন। আমরা এতেই খুশি যে, আামদের দোড়গোড়ায় বিজিবি বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌছে দিচ্ছে।

চিকিৎসকদলের সদস্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইর্ন্টান চিকিৎসক সাব্বির আহমেদ বলেন, একবারে প্রত্যন্ত এলাকায় এসেছি চিকিৎসা দিতে। এখানে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগীই বয়স্ক। কোমর ব্যথা ও প্রেশারের রোগী বেশি পেয়েছি। আমরা সাধ্যমত চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ওষুধ দিয়েছি। চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, সুধিবা বঞ্চিত প্রায় ৪০ হাজার মানুষের মাঝে বিজিবি’র এই চিকিৎসা সেবা কার্যক্রম প্রশংসনীয়। চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ফ্রি ওষুধও দিচ্ছেন।

এর আগেও বিজিবি এ ধরনের চিকিৎসা ক্যাম্প করেছে, তবে এবারের মতো বড় পরিসরে কখনও হয়নি। স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন (৬৫) বলেন, চর থেকে শহরে গিয়ে ডাক্তার দেখানো আমাদের জন্য খুব কষ্টকর। বিজিবি আমাদের এলাকায় এসে চিকিৎসা ও ওষুধ দিয়েছে, এতে আমরা অনেক উপকৃত হচ্ছি। খালেদা বেগম (৫৫) বলেন, অনেকদিন ধরে অসুস্থ ছিলাম। যাতায়াত খরচের কারণে শহরে যেতে পারিনি। আজ বিনা খরচে ভালো চিকিৎসকের পরামর্শ পেলাম।

চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাই বলেন, এই চরাঞ্চলে ৪০ হাজারের অধিক জনসংখ্যার জন্য একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স। সেটিতে কয়েক বছর থেকে ডাক্তার নাই, এক প্রকার বন্ধ রয়েছে, নেই কোন চিকিৎসা সেবা। বিজিবির পক্ষ থেকে মাঝে মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প হয় তবে এবারের মেডিকেল ক্যাম্প সর্ববৃহৎ পরিসরে হচ্ছে।

স্থানীয় নুরুল ইসলাম (৪৫) বলেন, বিজিবির এই উদ্যোগ আমাদের মতো দরিদ্র মানুষের জন্য আর্শীবাদ স্বরূপ। গৃহবধূ নারগিস খাতুন বলেন, নিজের অসুস্থতা নিয়ে খুব চিন্তায় ছিলাম। আজ চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেকটা স্বস্তি পেয়েছি।

বিজিবি রাজশাহী সেক্টর মেডিকেল অফিসার মেজর ডা. আরুফা আখতার মৌসুমী বলেন, জ¦র, সর্দি ও কাশি নিয়ে রোগীরা আসছেন। সেই সাথে অপুষ্টিতে ভোগা কিছু শিশুও পাচ্ছি। মুলত জনসচেতনতা সৃষ্টি করতেই আমাদের এই প্রচেষ্ঠা। প্রায় ৫৮ ধরনের ফ্রি ওষুধ বিতরণ করা হয়েছে। রাজশাহী সেক্টরের অধীনে ৫টি ব্যাটালিয়ন পর্যায়ক্রমে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করবে।

১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা ও কল্যাণে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চরাঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তবে

মানবিক উদ্যোগ সীমান্তবর্তী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং বিজিবির প্রতি তাদের আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করে। দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি যে সর্বদা সীমান্তবাসীর পাশে রয়েছে, এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। চর আষাড়িয়াদহে আয়োজিত এই মেডিকেল ক্যাম্প স্থানীয় জনগণের মধ্যে বিজিবির প্রতি আস্থা ও ভালোবাসাকে আরও দৃঢ় করেছে।