ছেলের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত মা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা মা। এ ঘটনায় তার ছেলে আহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা সেতুর পশ্চিম পাশে বদলগাছী পোস্ট অফিস সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার (৭৫) মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের মৃত নাজিম উদ্দিন সরকারের স্ত্রী। আহত সারমাদুল রহমান (৩৫) তার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহার তার মেয়ের বাড়ি বদলগাছী থেকে ছেলে সারমাদুল রহমানের মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। বিকেলের দিকে তারা ডাকবাংলো ফিডার সড়ক থেকে মূল সড়কে উঠতে গেলে জয়পুরহাটগামী একটি ধানবোঝাই ছয় চাকার ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-২১৫৯) মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে মোটরসাইকেলের পেছনে বসে থাকা শামসুন্নাহার সড়কে ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় বিকেল প্রায় ৫ টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আঘাতের তীব্রতায় তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি পলাতক ট্রাকচালককে শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।











