ঢাকা | জুন ১৪, ২০২৬ - ২:৩০ পূর্বাহ্ন

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে- ভূমিমন্ত্রী

  • আপডেট: Saturday, June 13, 2026 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শিশুদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার এবং এক্ষেত্রে পারিবারিক বন্ধনই সবচাইতে বড় ভূমিকা পালন করে।

শনিবার সকালে নগরীর একটি হোটেলে আয়োজিত ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

রাজশাহীর ঐতিহ্য ও সামাজিক নিরাপত্তার কথা স্মরণ করে ভূমিমন্ত্রী বলেন, এক সময় রাজশাহীর সামাজিক বন্ধন এতই অটুট ছিল যে এটি বিশ্বের অন্যতম সুখী শহর হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তিনি আক্ষেপ করে বলেন, গত ২০ বছরে মাদক ও কিছু অসাধু মানুষের কারণে সেই অবস্থার কিছুটা পরিবর্তন এসেছে। মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং নারী ও শিশু নির্যাতনকারী, তারা জাতির শত্রু এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো আপোস করা হবে না। তিনি নিরাপদ রাজশাহী গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশিদ। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক শারমিন আকতার এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সেমিনারে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থা ও এনজিও  প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।