তানোরে দেড় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর কারাগারে
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে দেড় বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সবুজ আলী (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সবুজ আলীর বাড়ি তানোর উপজেলার কলমা ইউনিয়নের নয়টিপাড়া গ্রামে। সে ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং কলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা বদরুদ্দোজা রমজানের ভাতিজা।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুন সকালে শিশুটির মা পার্শ্ববর্তী একটি বাড়িতে কাজে যান।
এ সময় তাঁর সঙ্গে দেড় বছর বয়সী শিশু কন্যাটিও ছিল। একপর্যায়ে অভিযুক্ত কিশোর সবুজ আলী শিশুটিকে খেলার কথা বলে আড়ালে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুর কান্নার শব্দ শুনে মা ঘরের ভেতর গিয়ে সবুজ আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ১০ জুন শিশুটির বাবা বাদী হয়ে তানোর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরই অভিযানে নেমে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সবুজ আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।











