ঢাকা | জুন ১৩, ২০২৬ - ৮:০০ অপরাহ্ন

শিরোনাম

পাবনায় আলোচিত হোসেন আলী হত্যায় মামলা, তিনজন গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, June 10, 2026 - 10:29 pm

পাবনা প্রতিনিধি: পাবনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হোসেন আলী ওরফে হোসেন ঠাকুর হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো-পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রামের আকমল খাঁর ছেলে মতিয়ার রহমান (৪০) পুষ্প পাড়া এলাকার মৃত আমিন প্রামানিকের ছেলে শরীফ প্রামানিক (৩৫) ও সদর উপজেলার আফরাবাদ এলাকার সোহরাব মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৬)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অবিস্ফোরিত গুলি ও একটি গুলির খোসা।

বুধবার দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান বুধবার ভোর রাতে ভিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন।

সংবাদ সন্মেলনে পুলিশ সুপার আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা এই দুইটি বাহিনীর আধিপত্যকে কেন্দ্র করে দুই বাহিনীর আঞ্চলিক নেতা ও সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জেরধরে প্রায় এক মাস আগে হোসেন আলীকে হত্যার পরিকল্পনা করা হয়।

উল্লেখ্য, গত সোমবার (৮ জুন) সন্ধায় পাবনা শহরের মাসুম বাজার এলাকায় জামেয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলেকে রাখতে গিয়ে মাদ্রাসার গেটে ছেলের সামনে হোসেন আলীরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।