ঢাকা | জুন ১০, ২০২৬ - ১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

পরিবহনে শৃঙ্খলা আনতে মালিক সমিতির সাথে আরএমপি কমিশনারের মতবিনিময়

  • আপডেট: Tuesday, June 9, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনদুর্ভোগ লাঘব এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে অ্যাম্বুলেন্স, সিএনজি, কার-মাইক্রো, হিউম্যান হলার, মিশুক ও লেগুনা মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় মালিক সমিতির প্রতিনিধিরা অধিযাচনকৃত যানবাহনের চালকদের বিশ্রামের ব্যবস্থা, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং পরিবহন খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় কমিশনার মহোদয়ের দৃষ্টিগোচর করেন।

এ বিষয়ে পুলিশ কমিশনার বলেন, পুলিশ নির্ধারিত নীতিমালা ও বিধিবিধানের আওতায় পরিচালিত হয়; ফলে সব বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। তবে উত্থাপিত বিষয়গুলো সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং যৌক্তিক সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে।

এছাড়াও তিনি মালিক সমিতির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, যত্রতত্র যানবাহনের স্ট্যান্ড স্থাপন করে সড়কে যানজট সৃষ্টি করা যাবে না। জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে এমন কার্যক্রম পরিহার করে সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া অ্যাম্বুলেন্স মালিকদের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, রোগী ও তাদের স্বজনদের যেন কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত আর্থিক চাপের মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে।

সভায় উপস্থিত মালিক সমিতির প্রতিনিধিরা জনস্বার্থে গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম চলতি দায়িত্বে); উপ-পুলিশ কমিশনার (ফোর্স); উপ পুলিশ কমিশনার সিটিএসবি, আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।