ঢাকা | জুন ৯, ২০২৬ - ১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের গোলাগুলি ও বোমাবাজি

  • আপডেট: Monday, June 8, 2026 - 11:14 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত মধ্যরাতে নগরীর মতিহার থানার মৌলভীবুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় হাতবোমার বিস্ফোরণে জনি ইসলাম (২৯) নামের এক যুবক আহত হয়েছেন। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে মৌলভী বুধপাড়া এলাকায় হঠাৎ তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। একই সময় গুলির শব্দও শোনা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের পাশে একটি মোটরসাইকেল ড্রেনে পড়ে থাকতে দেখেন। এছাড়া আহত অবস্থায় জনি ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

র‌্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে তারা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনার পরপরই র‌্যাব-৫-এর সিপিএসসি’র একটি গোয়েন্দা ও আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়।

এসময় পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় গুলিগুলো জব্দ করা হয়।

র‌্যাব-৫ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।