ঢাকা | জুন ৪, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

রাজশাহী নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার সকালে নগরীর সিটিহাট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিলটি বের করেন। মিছিলটি সিটিহাট এলাকার বাইপাস সড়ক প্রদক্ষিণ করে কিছু দূর এগিয়ে শেষ করা হয়।

পরে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক পরা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়।

ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা মিছিলের তথ্য পেয়েছে এবং ভিডিও সংগ্রহ করেছে। ভিডিও বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, “সকাল ৮টার দিকে মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমাদের হাতে ভিডিও এসেছে। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”