শিবগঞ্জ সীমান্তে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিলো বিজিবি
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পেইনে এই চিকিৎসাসেবা দেয়া হয়। চিকিৎসকদের পরামর্শে রোগীদের দেয়া হয় প্রয়োজনীয় ওষুধ।মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সীমান্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় এনে এ উদ্যোগ গ্রহণের কথা জানান।
তিনি বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি মানবিক কর্মকাণ্ডেও সবসময় ভূমিকা রেখে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিজিবির বিভিন্ন ক্যাম্প কমান্ডাররা।










