আরডিএ’র ভ্রাম্যমাণ আদালতে কাজিহাটায় ড্রিম স্মিথের নির্মাণকাজ বন্ধ
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর কাজিহাটা এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও আরডিএ’র নির্দেশনা উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।
বুধবার সকাল ১১টার দিকে আরডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন আরডিএ’র অর্থরাইজড অফিসার আব্দুল্লাহ আল তারিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠান ড্রিম স্মিথ প্রপার্টি প্রাইভেট লিমিটেডকে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জননিরাপত্তা ও পার্শ্ববর্তী ভবনের সুরক্ষার স্বার্থে প্রটেকশন ওয়ালের পাশ দিয়ে দ্রুত বালু ভরাটের নির্দেশনা দেওয়া হয়।
আরডিএ’র অর্থরাইজড অফিসার আব্দুল্লাহ আল তারিক বলেন, আমাদের কাছে অভিযোগ আসে যে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও যথাযথ প্রটেকশন ওয়াল ছাড়াই বহুতল ভবনের নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য আমাদের ইন্সপেক্টরকে পাঠানো হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর নির্মাণকারী প্রতিষ্ঠানকে যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে কাজ পরিচালনার জন্য নোটিশ দেয়া হয়।
তিনি আরও বলেন, নোটিশ দেয়ার পরও প্রতিষ্ঠানটি বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয়নি এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেনি। ফলে জননিরাপত্তা ও পার্শ্ববর্তী ভবনের ঝুঁকির বিষয় বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও বিধি অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ড্রিম স্মিথ প্রপার্টি প্রাইভেট লিমিটেডের পরিচালক গোলাম দাস্তগির সুমন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ঠিকই, তবে আমাদের নির্মাণকাজ পুরোপুরি বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আরডিএ কর্তৃপক্ষ প্রটেকশন ওয়ালের পাশ দিয়ে দ্রুত বালু ভরাট করার নির্দেশ দিয়েছে। আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি এবং রাতের মধ্যেই বালু ভরাটের কাজ সম্পন্ন করে তার ছবি ও প্রয়োজনীয় তথ্য আরডিএ কর্তৃপক্ষের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেব।











