ঢাকা | মে ৬, ২০২৬ - ৮:৩৮ পূর্বাহ্ন

আদালত চত্বরে সার্বক্ষণিক পুলিশি টহল বাড়ানোর দাবি

  • আপডেট: Tuesday, May 5, 2026 - 12:12 am

স্টাফ রিপোর্টার: আদালত চত্বরে সার্বক্ষণিক পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার এ দাবিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবার চিঠিও দেয়া হয়েছে।

রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে রাজশাহীর আদালত প্রাঙ্গণে আসা বিচারপ্রার্থী সাধারণ মানুষ বহিরাগত কিছু সন্ত্রাসী, টাউট, বাটপার ও কিশোর গ্যাং কর্তৃক হেনস্তা, অপহরণ পরবর্তী মুক্তিপণ দাবিসহ নানাবিধ অপকর্মের শিকার হচ্ছে। তাই রাজশাহী আদালত প্রাঙ্গণে কোর্ট চলাকালীন এবং তৎপরবর্তী সময়ে বিচারপ্রার্থী সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা এবং ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে আদালত প্রাঙ্গণে পুলিশি টহল জোরদার করা একান্ত আবশ্যক। তাই আদালত প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চিঠিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

একই সাথে চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, রাজশাহী জেলা ও দায়রা জজ, রাজশাহী মহানগর দায়রা জজ, রাজশাহী পুলিশ সুপার ও রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী বলেন, রাজশাহী জজ আদালত প্রাঙ্গণে দীর্ঘদিন থেকে ভাড়াটে বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্নভাবে বিচারপ্রার্থী জনসাধারণকে হয়রানি ও হেনস্তা করে আসছে। এই বিষয়ে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করা হয়েছে। আশা করছি আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।