ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ১:৫৩ পূর্বাহ্ন

লালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

  • আপডেট: Thursday, April 16, 2026 - 10:21 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রেল ব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের আঙ্গারিপাড়া এলাকায় ২১৪ নম্বর রেল ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত নারী শরিফা বেগম (৪৪)। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা গ্রামের সদ্দি মামুদ ও এলিজারের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ওই নারী রেলব্রিজটি পায়ে হেঁটে পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি ট্রেন চলে এলে তিনি দ্রুত ব্রিজ থেকে নামার চেষ্টা করেন। কিন্তু নিরাপদ দূরত্বে সরতে না পেরে একপর্যায়ে আত্মরক্ষার জন্য সেতুর স্লিপারের নিচে বসে পড়েন। ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার সময় জানান, ওই নারী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান। তিনি বংশগতভাবে মানসিক রোগী। নিহতের খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত করে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।