শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে নিহত ১, আহত ১
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে আব্দুস সামাদ নামে এক ট্রলি চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছোট ভাই।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক ডিকে তনয় কুমার জানান, সকালে ইটবোঝাই ট্রলি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ আসছিলেন আবদুস সামাদ।
এসময় হরিনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুরুতর আহত হন তার ছোট ভাই সারোয়ার হোসেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এদিকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ।











